ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাবে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার আলী আব্দুল্লাহি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি, সতর্কতা এবং গোয়েন্দা সক্ষমতা নিয়ে দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাবে ফলপ্রসূ, বেদনাদায়ক ও অনুতাপ সৃষ্টিকারী অভিযান পরিচালনা করবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এ বিবৃতিতে তিনি যুদ্ধে নিহতদের স্মরণ করেন।
জেনারেল আবদুল্লাহি বলেন, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ প্রমাণ করেছে যে, ইরানের জনগণ ঐক্য, দৃঢ়তা, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুসরণ এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর নির্ভর করে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুত।
তিনি দাবি করেন, শত্রুরা ভুল হিসাব ও বিভ্রান্তিকর ধারণার ভিত্তিতে তাদের অশুভ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং কৌশলগত ও অপমানজনক পরাজয়ের মুখে পড়েছে।
কমান্ডার আরও বলেন, ইসলামি বিপ্লবের আদর্শ ও সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের অব্যাহত সমর্থন, বিপ্লবের নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য এবং শহীদ নেতার রক্তের প্রতিশোধ নেওয়ার দাবিকে তিনি জাতীয় ঐক্য, সংহতি ও প্রতিরোধের পথের প্রতি সমর্থনের স্থায়ী প্রতীক হিসেবে দেখেন।
তিনি দাবি করেন, ১০০ দিনেরও বেশি সময় ধরে জনগণের রাস্তায় উপস্থিতি দেশের প্রতিরোধক্ষমতা জোরদারে জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে।