July 28, 2026, 7:48 pm

এআই-এর মাধ্যমে ট্রাফিক সিগনালের মতো হর্নও নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী

  • Update Time : Saturday, July 18, 2026
  • 17 Time View

রাজধানীতে শব্দদূষণ কমাতে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো যানবাহনের হর্ন নিয়ন্ত্রণেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে শব্দদূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ সমস্যা মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার আদলে হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বায়ুদূষণ রোধেও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ইটভাটা থেকে সৃষ্ট দূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন সম্প্রসারণের ওপর জোর দেন এবং এ খাতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

রাজধানীর সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যানজট কমানো ও সড়ক ব্যবস্থাপনা আধুনিক করতে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category